সিলেটে ভোরে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সিলেটে ভোররাতে দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) সামনে এ ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত বলে জানা গেছে।
স্থানীয়রা বাসগুলোতে আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারা এবং কী কারণে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
























