ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে আগুন, আসবাবপত্র পুড়ে ছাই

- সংবাদ প্রকাশের সময় : ০৪:০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দেয়। এতে অফিসের আসবাবপত্র পুড়ে গেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রও নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করছেন তাঁরা।
স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছনের অংশের শিট কেটে ভেতরে প্রবেশ করে। এরপর সেখানে আগুন ধরিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। সকাল ৬টার দিকে কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে সকালে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার বলেন, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অফিসের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে গেছে তারা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
বিএনপি নেতাদের অভিযোগ, আগের রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা তাতে বাধা দেন। ওই ঘটনার জের ধরেই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ধারণা তাঁদের।
এদিকে ঝালকাঠি শহরের পেট্রোল পাম্প মোড় এলাকায় সড়কে আগুন দেওয়ার আরেকটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।






















