জমি নিয়ে বিরোধে যশোরে সাবেক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

- সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
মসজিদের সামনে দা দিয়ে কোপানোর অভিযোগ, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার; সন্দেহভাজন আটক
যশোরে জমি নিয়ে বিরোধের জেরে আবু তালেব (৭৫) নামে এক সাবেক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মনসেবপুর পশ্চিমপাড়া মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে সোফিয়া রহমান (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত আবু তালেব মনসেবপুর গ্রামের মৃত মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। পুলিশ জানিয়েছে, নিহত ও আটক ব্যক্তি সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় এক প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সোফিয়া রহমান গাছি দা দিয়ে আবু তালেবকে কুপিয়ে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত গাছি দাটিও উদ্ধার করে জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার বিষয়ে আইনগত পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
বর্তমানে আবু তালেবের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



























