লক্ষ্মীপুরে সড়ক অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে সড়ক অব্যবস্থাপনা, ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সিসিএস ও নিরাপদ সড়ক আন্দোলন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন শেষে একই দাবিতে লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের ঝুমুর এলাকায় কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন তাঁরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
মানববন্ধনে বক্তব্য দেন সিসিএসের জেলা শাখার সভাপতি আবুল হাসান সোহেল, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, সহসভাপতি আবদুল আজিম ও বায়েজীদ হোসেন। এ ছাড়া নিরাপদ সড়ক আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক মো. তুষার ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বক্তব্য দেন।
বক্তারা বলেন, গত সোমবার লক্ষ্মীপুরের চরচামিতা এলাকায় আনন্দ পরিবহনের একটি বাস উল্টে তিনজন নিহত ও ৩০ জন আহত হন। একই দিন জেলার বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন। সব মিলিয়ে ওই দিন জেলায় পাঁচজনের প্রাণহানি এবং অর্ধশতাধিক মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে।
তাঁদের অভিযোগ, সড়কে অনিয়ম, অব্যবস্থাপনা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং অদক্ষ চালকদের কারণে দুর্ঘটনা বাড়ছে। এসব দুর্ঘটনা রোধে অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
পরে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক কামরুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে। এরপর অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।























