রাজনৈতিক হয়রানির ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, এসব মামলা প্রত্যাহারের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
কেরামত আলী জানতে চান, বিগত সরকারের সময়ে দায়ের করা বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখনো নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণ কী এবং কবে নাগাদ সেগুলো নিষ্পত্তি হবে, এ বিষয়ে সরকারের কোনো রোডম্যাপ রয়েছে কি না।
জবাবে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নেয়।
তিনি জানান, এ লক্ষ্যে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে।
মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে মামলা পরিচালনা করা প্রয়োজন কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রত্যাহারের সুপারিশ করে জেলা কমিটিগুলো।
আইনমন্ত্রী আরও জানান, জেলা কমিটির সুপারিশ যাচাই-বাছাই করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার জন্য ৮ মার্চ তাঁকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
তিনি বলেন, মামলা প্রত্যাহারের আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা করে কোনো মামলা হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে তা প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।





















