হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ১,৪৪৪

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ১ হাজার ৩৫৭ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে।
এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে এ সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৮৯।






















