হামের উপসর্গে আরও ৬ মৃত্যু

- সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছাড়াল ২ লাখ ৩২ হাজার, উপসর্গ নিয়ে মৃত্যু ১ হাজার ১৫৮ জনের
সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৮ জনের শরীরে সন্দেহজনক হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ ছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮২ জন।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৫৮ জন। আর পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০৫।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগেই হামের উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আরও একজন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত হাম নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন।






















