নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিয়ে দর্শকের মৃত্যু

- সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে হাসান আলী (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সাপধরী ইউনিয়নের কটাপুর ঘাটে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় তাঁকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কটাপুর ঘাটে নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতায় ‘আনন্দ তরী’ ও ‘বিজয় এক্সপ্রেস’ নামে দুটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় একটি নৌকার বাইচে অংশ নেন ডিগ্রীরচর আগ্রাখালী এলাকার বাসিন্দা নদর আলীর ছেলে হাসান আলী।
প্রতিযোগিতায় তাঁর অংশ নেওয়া নৌকাটি বিজয়ী হয়। তবে এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন হাসান আলী। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হাসান আলী চার সন্তানের জনক।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
























