সংবিধান সংস্কারে নতুন পরিষদের দাবি এনসিপির, সংশোধন কমিটিতে ‘না’

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আর বিলম্ব নয়—এবার দ্রুত পদক্ষেপ চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, বর্তমান একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে অবিলম্বে গঠন করতে হবে সংবিধান সংস্কার পরিষদ। একই সঙ্গে বিদ্যমান সংশোধন কমিটিতে অংশ না নেওয়ার অবস্থানও স্পষ্ট করেছে দলটি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের তিন দফা দাবি তুলে ধরে এই অবস্থান জানান সদস্যসচিব আখতার হোসেন। জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আখতার হোসেন বলেন, গণভোটের রায় কার্যকর করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে বর্তমান সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের ওপর জোর দেন তিনি।
বিদ্যমান কমিটিতে এনসিপির যোগ দেওয়ার কোনো সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন দলের সদস্যসচিব। এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক উপস্থিত ছিলেন।






















