সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন

- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও দুই প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।
দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে পূজা-অর্চনা শুরুর আগেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। মোতায়েন করা বিজিবি সদস্যরা দিন-রাত পূজামণ্ডপ পাহারা দেওয়ার পাশাপাশি আশপাশের এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন।
শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা দুর্গা মন্দির পরিদর্শন শেষে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, সীমান্তবর্তী প্রতিটি পূজামণ্ডপে বিশেষ ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও গুজব প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে।
























