মা-বাবা হারানো পাঁচ কন্যার পাশে ‘আমরা বিএনপি পরিবার’
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামের মা-বাবা হারানো পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। শুক্রবার (২ অক্টোবর) সংগঠনটির একটি প্রতিনিধি দল পরিবারটির সঙ্গে দেখা করে খোঁজখবর নেয় এবং আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেয়।
সম্প্রতি ‘এক মাসের ব্যবধানে মা-বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভাবের সংসারে পাঁচ মেয়ের কী হবে!’ শিরোনামে পরিবারটির দুর্দশা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবেদনটি বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামের প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যায়।
সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। তারা পাঁচ কন্যার খোঁজখবর নেন এবং পরিবারের হাতে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় উপহারসামগ্রী তুলে দেন।
‘সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোকছেদুল মোমিন মিথুন বলেন, গণমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর প্রকাশের পর বিষয়টি তারেক রহমানের নজরে আসে। এরপর পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়।
তিনি বলেন, অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৩১ দিনের ব্যবধানে মা-বাবাকে হারায় পাঁচ বোন
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, দীর্ঘদিনের অভাব-অনটন ও ঋণের চাপে বিপর্যস্ত ছিল পরিবারটি। এর মধ্যেই মাত্র ৩১ দিনের ব্যবধানে মৃত্যু হয় কৃষক আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী ফরিদা বেগমের।
প্রথমে মারা যান ফরিদা বেগম। এর এক মাসের মধ্যে নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর স্বামী আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়।
মা-বাবাকে হারিয়ে এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে তাদের পাঁচ কন্যার ভবিষ্যৎ। এমন পরিস্থিতিতে পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।



















