জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার, কী ঘটেছিল বিমানবন্দরে

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা এবং কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। এ ঘটনায় সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।
শুক্রবার বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।
মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের চাপের কারণে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। ফলে যাত্রীরা লাগেজ পেতে দেরি করায় সেখানে অসন্তোষ তৈরি হয়।
পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে যান। এ সময় তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে গালাগাল ও হুমকি দেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় মুঠোফোনে ভিডিও করছিলেন। দায়িত্ব পালনরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের ভিডিও ধারণে নিষেধ করলে তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া যাত্রীদের সঙ্গে থাকা জমজমের পানির বোতল ট্রলি থেকে ফেলে দেওয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, এসব কর্মকাণ্ডের ফলে বিমানবন্দরের মতো সংরক্ষিত ও স্পর্শকাতর স্থাপনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়। একই সঙ্গে বিমানবন্দরের স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
মেজর (অব.) আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২২ সালে তাকে পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন তিনি।






















