৫৬ জেলার ৭৭ উপজেলায় একযোগে শুরু কৃষক কার্ড কর্মসূচি
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
কৃষকদের সরকারি সহায়তা ও কৃষিসেবা সহজে পৌঁছে দিতে চালু হলো ‘কৃষক কার্ড’ কর্মসূচি। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর ফুলগাজী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কর্মসূচির আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নেও শুরু হয়েছে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। এ উপলক্ষে নারগুন উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।
স্থানীয়ভাবে জানানো হয়, নারগুন ইউনিয়নে প্রাথমিকভাবে প্রায় ৪ হাজার ১০০ কৃষককে কৃষক কার্ডের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন ২ হাজার ৮২৬ জন কৃষক।
কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া এই কর্মসূচির প্রথম দিনে দেশের প্রায় এক লাখ কৃষককে আড়াই হাজার টাকা করে আর্থিক প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে সরকারি সহায়তা পাবেন।
সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে এই কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য কৃষিঋণ, কৃষি উপকরণে ভর্তুকি, প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষকদের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া, কৃষি খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং দেশের কৃষকদের তথ্যভিত্তিক একটি ডেটাবেজ তৈরির লক্ষ্যেই কৃষক কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।






















