যশোরে শুরু ‘কৃষক কার্ড’ বিতরণ, ২ হাজার ৪০৪ কৃষক পেলেন আর্থিক সহায়তা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে যশোরে শুরু হয়েছে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি। বৃহস্পতিবার সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে প্রাথমিক পর্যায়ে ২ হাজার ৬৩৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়। একই সঙ্গে ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি শ্রেণির ২ হাজার ৪০৪ কৃষককে দেওয়া হয়েছে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা।
ফেনীর ফুলগাজী উপজেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে হৈবতপুরের আবদুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয়ভাবে নির্বাচিত কৃষকদের হাতে কার্ড তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠান থেকে ল্যাপটপের মাধ্যমে কার্যক্রম উদ্বোধনের পরপরই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে উপকারভোগীদের মুঠোফোনে কৃষক কার্ড ও আর্থিক সহায়তার বার্তা পৌঁছে যায়। নির্ধারিত অর্থও একই ব্যবস্থায় পাঠানো হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক জানান, হৈবতপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের হৈবতপুর ব্লকের ২ হাজার ৬৩৫ জন কৃষককে এ পর্যায়ে কার্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২ হাজার ৪০৪ জন ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
কার্ড ও অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীদের মধ্যে সন্তোষ দেখা গেছে। বানেয়ালী গ্রামের কৃষক আবু তালেব বলেন, নির্বাচনের আগে অনিন্দ্য ইসলাম অমিত কৃষক কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এত দ্রুত সময়ের মধ্যে তিনি কার্ড পাবেন, তা ভাবেননি।
কাউদিয়া গ্রামের কৃষক আব্দার আলী বলেন, পাওয়া অর্থ দিয়ে তাঁর স্ত্রী হাঁস-মুরগি পালন শুরু করতে পারবেন। এতে পরিবারের বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
























