এসএসসি ও সমমানের ফল সোমবার, জানা যাবে ৩ উপায়ে

- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে।
শনিবার (৮ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হবে। তবে ফলাফল আপলোডসহ প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে।
অনলাইনে ফল দেখার পদ্ধতি
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের দুটি ওয়েবসাইট—eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd—থেকে ফলাফল দেখতে পারবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এসব ওয়েবসাইটের Result কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফলাফলের শিট ডাউনলোড করে প্রকাশ করতে পারবে।
এসএমএসে ফল জানার নিয়ম
এবার ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন ১৬১৪০ নম্বরেও এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।
এসএমএসে ফল পেতে লিখতে হবে:
SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026
এরপর পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ: SSC Dha 123456 2026 পাঠাতে হবে 16140 নম্বরে।
এ ছাড়া ১৬২২২ নম্বরেও এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা সংবাদপত্রের কার্যালয় থেকে ফলাফল পাওয়া যাবে না।
পুনঃনিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে
ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।























