মোদির টুইটের পরই সুর বদল সালমানের, শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান

- সংবাদ প্রকাশের সময় : ১০:২৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আচমকাই অবস্থান বদল করলেন বলিউড অভিনেতা সালমান খান। বুধবার রাতেও ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানানো অভিনেতা বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আন্দোলন নিয়ে আলোচিত সোনম ওয়াংচুকের ভূমিকা নিয়েও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমান খান লিখেছেন, শিক্ষার্থীদের শিক্ষা ও নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাদের বা অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি।
সালমান বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিষয়টি নিয়ে টুইট করেছেন এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদী। তাই শিক্ষার্থীদের নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ জানান তিনি।
পোস্টে তিনি লেখেন, “শিক্ষার্থীদের বলব, দয়া করে বাড়িতে ফিরে যাও এবং বাবা-মায়ের কাছে ফিরে যাও।”
এর আগে বুধবার রাতে ছাত্র আন্দোলনের সমর্থনে দেওয়া পোস্টে সালমান আন্দোলনরত শিক্ষার্থীদের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, শান্তিপূর্ণ এই আন্দোলন শিক্ষার্থীদের উন্নত শিক্ষাব্যবস্থার দাবির প্রতিফলন। প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর সমস্যা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের ঐক্য ও সাহসের প্রশংসা করেন।
সালমান আরও বলেছিলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। এটি শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পর্কিত একটি বিষয় এবং এর কৃতিত্ব শিক্ষার্থীদেরই প্রাপ্য।
তবে বৃহস্পতিবারের পোস্টে তাঁর বক্তব্যের ধরন সম্পূর্ণ ভিন্ন ছিল। তিনি আন্দোলনের অন্যতম আলোচিত মুখ সোনম ওয়াংচুককে উদ্দেশ্য করেও মন্তব্য করেন। সালমান লেখেন, “যা হওয়ার হয়ে গেছে, বিষয়টি আর টেনে বাড়িও না। ভবিষ্যতে প্রয়োজন হলে লড়াইয়ের মনোভাব ধরে রেখো।”
তিনি মজার ছলে ওয়াংচুককে খাবার পাঠানোর কথাও উল্লেখ করেন।
সালমানের এই অবস্থান পরিবর্তন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোস্টের পরই তাঁর এই নতুন বার্তা আসে বলে অনেকে মন্তব্য করছেন।




















