এহছানুল হককে ওএসডি করার খবর ভিত্তিহীন: জনপ্রশাসন মন্ত্রণালয়

- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে—এমন সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (২২ জুলাই) প্রতিমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবাদলিপিতে মন্ত্রণালয় জানায়, জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হককে ওএসডি করার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত হয়নি। এ ধরনের খবর সঠিক নয় এবং এটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, দৈনিক দেশ রূপান্তর ও প্রতিদিনের বাংলাদেশ-এর অনলাইন সংস্করণে ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে ওএসডি করেছে সরকার’ শিরোনামে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন।
মন্ত্রণালয়ের দাবি, সংশ্লিষ্ট প্রতিবেদনে জ্যেষ্ঠ সচিবকে ওএসডি করা হয়েছে বলে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তার কোনো সত্যতা নেই। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে জনমনে ভুল ধারণার সৃষ্টি হতে পারে বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।
এ ধরনের তথ্য প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট গণমাধ্যমকে যথাযথ যাচাই-বাছাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।




















