৫ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, টানা ৫ দিনজুড়ে বর্ষণের আভাস

- সংবাদ প্রকাশের সময় : ০১:২৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ দিনজুড়েই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে।
১৪ জুলাই (মঙ্গলবার) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
১৫ জুলাই (বুধবার) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
১৬ জুলাই (বৃহস্পতিবার) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
১৭ জুলাই (শুক্রবার) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
১৮ জুলাই (শনিবার) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কয়েকটি বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিনও দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
টানা বর্ষণের কারণে নিচু এলাকা, নদীসংলগ্ন অঞ্চল এবং জলাবদ্ধতাপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।




















