এলডিসি উত্তরণে রাজনৈতিক সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪২:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দেশের রাজনীতিকে অর্থনীতি–বান্ধব কাঠামোর মধ্যে না আনলে এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (৬ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের পর বাণিজ্যিক চ্যালেঞ্জ আরও বাড়বে, তাই প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় ব্যবহার করে নীতি সংস্কার, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে একটি সমন্বিত রোডম্যাপ প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, জাতিসংঘের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির ১৫৭টি পদক্ষেপের মধ্যে কোনগুলো বাস্তবায়নযোগ্য তা নির্ধারণ করে মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি জানান, সরকার ইতোমধ্যে এলডিসি উত্তরণের সময়সীমা ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত পিছিয়ে নেওয়ার অনুরোধ করেছে, যাতে প্রস্তুতির সুযোগ বাড়ে।
কর্মশালায় অর্থনীতি বিশ্লেষক ও সাংবাদিকরা অংশ নেন এবং এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।




















