দেশজুড়ে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে ১৪ জেলা

- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
নিম্নচাপ ও টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে থাকায় আগামী কয়েক দিনে ১৪ জেলার নিম্নাঞ্চলে বন্যা ও প্লাবনের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বার্তায় বলা হয়েছে, আগামী ৫ থেকে ১০ জুলাইয়ের মধ্যে দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।
চট্টগ্রাম বিভাগের বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।
পাউবো সংশ্লিষ্ট এলাকায় সতর্ক থাকতে এবং স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে আহ্বান জানিয়েছে।






















