যশোরে র্যাবের অভিযান: মাটির নিচে পুঁতে রাখা মাদক উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে
যশোর শহরে অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব-৬। এ সময় মাদক ব্যবসার অভিযোগে মশিউল আলম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দিবাগত গভীর রাতে যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়া এলাকার ‘মায়ের আঁচল’ নামের একটি দুইতলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব সদস্যরা ভবনের নিচতলার রান্নাঘরের উত্তর পাশে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মাদকদ্রব্যগুলো উদ্ধার করেন।
আটক মশিউল আলম ওই এলাকার মৃত তফসিল উদ্দিনের ছেলে।
যশোর র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ কে এম ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা ১৩১ বোতল উইনসিরেক্স (Wincerex) এবং ৭৬ বোতল এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্যসহ মশিউল আলমকে আটক করা হয়েছে।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

























