দুর্যোগ ব্যবস্থাপনায় জনগণের আস্থা অর্জন করেছে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) বর্তমানে একটি নির্ভরযোগ্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে।
বুধবার (২০ মে) গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সাহসিকতা, দায়বদ্ধতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আনসার-ভিডিপি। একই সঙ্গে রেইন ওয়াটার হারভেস্টিং, সোলার প্যানেল ও বায়োগ্যাস প্লান্ট ব্যবস্থাপনার মতো পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে বাহিনীর সদস্যরা টেকসই উন্নয়নের পথেও এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, দেশের যেকোনো প্রয়োজনে আনসার-ভিডিপির সদস্যরা সময়োপযোগী ভূমিকা রেখে চলেছেন। বিশেষ করে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে বাহিনীটির সদস্যরা প্রশংসনীয় দায়িত্ব পালন করেছেন।
তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের শাসনব্যবস্থার পর বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে। এই যাত্রায় আনসার ও ভিডিপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘আমাদের হাত কোটি হাতিয়ার, অঙ্গীকার আমাদের দেশ গড়বার’—এই দর্শনের ভিত্তিতে গড়ে ওঠা বাহিনীটি দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত বিস্তৃত শক্তিশালী সামাজিক সেতুবন্ধন তৈরি করেছে।
প্রধানমন্ত্রী জানান, শিল্পকারখানা, হাসপাতাল, আর্থিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে বর্তমানে ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
তিনি মনে করেন, বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষা, খাল খনন, বন্যা মোকাবিলা, খাদ্য নিরাপত্তা ও দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনের মতো কার্যক্রমেও আনসার-ভিডিপি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
























