গোপালপুরে যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলাকে ঘিরে বিতর্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে করা একটি মামলাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে বাদীর পরিবারের পক্ষ থেকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে নোটারি পাবলিক করা হয়েছে। এ ঘটনায় বাখুরিয়া বাড়ী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, গত ১৩ এপ্রিল টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আমিনা খাতুন (২২) বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে গোপালপুর থানায় মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়।
পরবর্তীতে গত ১৬ এপ্রিল টাঙ্গাইল আদালতের মাধ্যমে বাদীর পরিবারের পক্ষ থেকে নোটারি পাবলিক করা হয়, যা পরে থানায় জমা দেওয়ার কথা বলা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে বাদী আমিনা খাতুনের বড় ভাই মো. আলম মিয়া দাবি করেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি বলেন, ঘটনাটির সময় কোনো ধরনের ঘটনা ঘটেনি। তার বোন এলাকায় ঝগড়াটে স্বভাবের এবং ইতিপূর্বে একাধিক বিয়ে করেছেন বলেও তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে এবং ইমরানের প্ররোচনায় মামলাটি করা হয়েছে। তবে প্রতিপক্ষ বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তিনি অস্বীকার করেন।
এদিকে অভিযুক্তরা হলেন গোপালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল উদ্দিন ওরফে রাবন (৪০) এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোমান আহমেদ (৩০)। তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বাদীপক্ষের পরিবার।
গোপালপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, বিষয়টি আগে জানা ছিল না। পরে ওসির মাধ্যমে নোটারি পাবলিকের কপি পাওয়া গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নোটারি পাবলিকের কপি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা চলছে।




















