মির্জাপুরে মেয়ে থেকে ছেলে রূপান্তরিত, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি
- সংবাদ প্রকাশের সময় : ১১:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক মাদরাসাছাত্রীর শারীরিক পরিবর্তনের ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার জানিয়েছে, ১৪ বছর বয়সী নূরমী আক্তার এখন ছেলে পরিচয়ে জীবনযাপন করছে এবং তার নতুন নাম রাখা হয়েছে নূর নবী।
নূরমী মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের সৌদি প্রবাসী বাদশা খলিফার সন্তান। তিনি স্থানীয় গুনটিয়া মহিলা মাদরাসার মাওলানা বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঘটনাটি বর্তমানে এলাকাজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি রমজান মাস থেকেই নূরমীর শরীরে কিছু শারীরিক পরিবর্তন দেখা দিতে শুরু করে। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও বুধবার (১৩ মে) পরিবারের সদস্যরা বিষয়টি স্পষ্টভাবে লক্ষ্য করেন। পরে পরিবার তাকে ছেলে পরিচয়ে স্বীকৃতি দেয় এবং নাম পরিবর্তন করে নূর নবী রাখে। একই সঙ্গে তার চুল কেটে ছেলেদের মতো সাজানো হয় এবং নতুন পোশাকও দেওয়া হয়।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর নূর নবীকে দেখতে বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ বাড়িতে ভিড় করছেন। স্থানীয়দের অনেকে বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ঘটনা শুনলেও বাস্তবে এমন অভিজ্ঞতা তাদের কাছে নতুন।
নূর নবীর চাচা বলেন, “আমাদের পরিবারে পরপর তিন মেয়ে সন্তান ছিল। তাই বিষয়টি আমরা স্বাভাবিকভাবেই গ্রহণ করেছি।”
এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, জন্মগত হরমোনজনিত বা ক্রোমোজোমগত পরিবর্তনের কারণেও এ ধরনের শারীরিক পরিবর্তন দেখা দিতে পারে।





















