সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের মনোনয়ন চূড়ান্ত, তালিকা প্রকাশ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
জোটের ঘোষিত তালিকা অনুযায়ী, জামায়াত থেকে ৮ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ২ জন এবং অন্যান্য শরিক দল থেকে আরও ২ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তালিকা দেখতে ক্লিক করুন।
জামায়াতের পক্ষ থেকে একটি আসন ‘জুলাই শহীদ পরিবার’-কে উপহার হিসেবে দেওয়া হয়েছে। সেখানে মনোনয়ন পেয়েছেন জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
জামায়াত থেকে মনোনীতদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, এবং আরও কয়েকজন নারী নেত্রী।
এছাড়া সিলেট, বগুড়া ও খুলনা অঞ্চলের কয়েকজন নেত্রীও তালিকায় রয়েছেন।
এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্য সচিব মাহমুদা আলম মিতু।
শরিক দল হিসেবে জাগপার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিমকেও মনোনয়ন দেওয়া হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত ৬ বছর বয়সী শিশু জাবির ইব্রাহিমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার মায়ের মনোনয়ন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
























