বিভ্রান্তি ভেঙে সত্য উন্মোচন, কবির হোসেন প্রকৃত কৃষক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে
গুজব ও এআই-জনিত বিভ্রান্তির কারণে টাঙ্গাইলের কৃষক কবির হোসেনকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, সরেজমিন যাচাই ও সরকারি তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রশাসন ও কৃষি দপ্তর নিশ্চিত করেছে, তিনি একজন প্রকৃত প্রান্তিক কৃষক।
টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়া গ্রামের কবির হোসেন কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে কার্ড গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন। পরে তার কিছু ছবি ও আগের এআই-জেনারেটেড কনটেন্ট ব্যবহার করে তাকে ‘অপ্রকৃত কৃষক’ বলে দাবি করা হয়, যা দ্রুতই বিতর্ক তৈরি করে।
তবে বুধবার ও পরদিন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তার বাড়ি ও কৃষিকাজ সরেজমিনে পরিদর্শন করেন। দেখা যায়, তিনি টিনশেড ঘরে বসবাস করেন, অল্প জমিতে সবজি চাষ করেন এবং অন্যের জমিও বর্গা নিয়ে চাষাবাদ করেন। পাশাপাশি একটি সেচ মেশিনের মাধ্যমে নিজের ও আশপাশের জমিতে সেচ সেবা দিয়ে জীবিকা নির্বাহ করেন।
স্থানীয়দের বক্তব্যেও উঠে আসে একই চিত্র। তারা জানান, কৃষিকাজই তার প্রধান পেশা, যদিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্টও তৈরি করেন।
কবির হোসেন বলেন, তিনি কৃষিকাজ করেন এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করেন, কিন্তু কিছু এআই ছবি ও ভুল তথ্যের কারণে তাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তিনি বিষয়টি নিয়ে ন্যায়বিচার চান।
কৃষি বিভাগ জানায়, কৃষকদের সম্মানিত করতে সরকারের উদ্যোগকে বিতর্কিত করার অপচেষ্টা রোধে সবাইকে সচেতন থাকতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম বলেন, আমরা সরেজমিনে গিয়ে তদন্ত করেছি এবং কবির হোসেনকে একজন প্রকৃত কৃষক হিসেবেই পেয়েছি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।






















