চার লেনে যাচ্ছে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক
বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ চিত্র
- সংবাদ প্রকাশের সময় : ১২:১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে বড় অগ্রগতি—চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য এই মেগা প্রকল্পের প্রথম ধাপেই শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ অংশের কাজ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মহাসড়কটিকে আধুনিক, নিরাপদ ও দ্রুতগামী করতে পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রথম ধাপে ১৪৮ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের ২৬ দশমিক ২১ কিলোমিটার অংশ চার লেনে উন্নীত করা হবে। এর মধ্যে ২ দশমিক ৬ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ করা হবে। পাশাপাশি আরও ৪৮ কিলোমিটার সড়কের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সরকার জানিয়েছে, প্রকল্পটি পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে এবং ২০২৯ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের অধিকাংশ অংশই দুই লেনের। ফলে সামান্য যানবাহনের চাপেই তৈরি হয় দীর্ঘ যানজট। ওভারটেকিং করতে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। বিশেষ করে বাজার, বাঁক ও জনবসতিপূর্ণ এলাকায় ঝুঁকি বেশি।
পর্যটন মৌসুমে কক্সবাজারগামী যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়, তখন এই সড়ক হয়ে ওঠে ভোগান্তির অন্যতম কারণ। চার লেনে উন্নীত হলে যানজট কমবে, দুর্ঘটনা হ্রাস পাবে এবং যাতায়াত সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৩-১৫ সালে একটি সুইডিশ পরামর্শক প্রতিষ্ঠান প্রথম এই মহাসড়ক চার লেনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাই করে। তখন প্রকল্প ব্যয় ধরা হয়েছিল প্রায় ১০ হাজার কোটি টাকা। দীর্ঘদিন স্থবির থাকার পর অবশেষে বাস্তবায়নের পথে এগোচ্ছে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের অর্থনীতি, বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।




















