‘ক্ষমতার স্বাদ পেয়ে জনগণকে ভুলে গেছে বিএনপি’
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
ক্ষমতায় আসার পর বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের ইতিহাসে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। ১৯৪৭ সালের আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১ এবং সাম্প্রতিক গণ-অভ্যুত্থানগুলোতেও শ্রমিকদের বড় ভূমিকা রয়েছে।
তিনি অভিযোগ করেন, শ্রমিকদের ত্যাগের ওপর ভর করেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা জনগণের সঙ্গে ‘প্রতারণা’ করেছে। তার ভাষায়, “গণভোটের রায়কে উপেক্ষা করে এই সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে।”
অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ এনে তিনি বলেন, অধ্যাদেশগুলো আইনে রূপান্তর এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকার তাদের অঙ্গীকার রক্ষা করেনি। এ ধরনের ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, বৈষম্যহীন সমাজ গঠন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে একটি নতুন জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, এনসিপি ও অন্যান্য সংগঠন এ লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান-কে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দাবি আদায়ে রাজপথে নামার প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি।





















