বিএনপি চায় দ্রুত নির্বাচন, এনসিপির চাওয়া সংস্কার
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘ মহাসচিবকে বলেছেন,দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেওয়াই দেশের জন্য মঙ্গলজনক। আর জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম জোর দিয়েছেন, গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারে। শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন নেতারা।
শনিবার রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এছাড়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, সিপিবি এবং আমার বাংলাদেশ পার্টির নেতারাও যোগ দেন বৈঠকে।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়া উচিত।আমরা আমাদের বক্তব্যে যেসব কথা এতদিন ধরে বলে এসেছি সেই একই কথা আজকেও বলেছি। আমরা বলেছি, সংস্কার অবশ্যই করতে হবে। কারণ, আমরাই (বিএনপি) সবার আগে সংস্কারের কথা বলেছি। কিন্তু সেই সংস্কার যত দ্রুত করা যায় ততই ভালো। অর্থাৎ আমরা বলেছি মূলত নির্বাচনকেন্দ্রিক যে সংস্কারগুলো আছে তা দ্রুত করে আগামী জাতীয় নির্বাচন শেষ করা। কারণ, সংস্কার যেহেতু একটি একটি চলমান প্রক্রিয়া তাই নতুন পার্লামেন্টের মাধ্যমে বাকি সংস্কার শেষ করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বৈঠকে জাতিসংঘের তরফ থেকে আমাদের বলেছে, আপনারা রিফর্ম (সংস্কার) কী নেবেন সেটা আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার। সংস্কার কে করবে তা দেশের জনগণ ঠিক করবে। জাতিসংঘের মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেছেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কারের ব্যাপারে আমরা কথা বলেছি। একটা ফেয়ার নির্বাচনের বিষয়ে বলেছি, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলেছি। জাতিসংঘের মহাসচিব আমাদের অধিকাংশ বক্তব্য সমর্থন করে বলেছেন, বাংলাদেশের সিদ্ধান্তের কাজে আমাদের সহযোগিতা করবেন এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী।
জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কারের বিষয়ে আমাদের যে অবস্থান গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে। অন্যথায় পার্লামেন্টের মাধ্যমে সংবিধান সংস্কার টেকসই হবে না- ইতিহাস থেকে এটাই আমরা দেখতে পাই। আমরা দলীয় অবস্থান থেকে আমাদের কথা বলেছি।
তিনি বলেন, এনসিপির সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান আমরা মনে করি, গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে পরবর্তী সময়ে যে সরকার গঠিত হয়েছে, সংস্কার ও বিচার… অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে। ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ে তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে।

























