চলতি মাসেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ২৪৭ বার পড়া হয়েছে
ফাল্গুনের শুরুতেই বেড়েছে ভ্যাপসা গরম। সেই সাথে বাড়ছে তাপমাত্রার তেজ। এরমধ্যেই শুরু হয়েছে রমজানের রোজা। এ অবস্থায় চলতি মার্চে দেশে হানা দেবে তাপপ্রবাহ, বজ্র ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়।
রোববার (২ মার্চ) দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। তবে মার্চের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১ থেকে ২টি মৃদু ধরনের (৩৬-৩৮° সে.) অথবা মাঝারি ধরনের (৩৮-৪০° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এছাড়া চলতি মার্চে দেশে হালকা অথবা মাঝারি ধরনের ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ ১ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।























