অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কবি নজরুলের দৌহিত্র
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল কাজী (৫৯)। শনিবার (১৮ জানুয়ারি) ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান জানান, তাকে দগ্ধ অবস্থায় লোকজন ভোরে হাসপাতালে নিয়ে আসেন। ৭৪ শতাংশ দগ্ধ নিয়ে বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেয়া কাজী নজরুল ইসলাম ২৫ বছর বয়সে কলকাতায় প্রমীলা দেবীকে বিয়ে করেন। তাদের ঘরে চার ছেলে সন্তানের জন্ম হয়। এরমধ্যে প্রথম সন্তান কৃষ্ণ মোহাম্মদ মারা যায় খুব অল্প বয়সে। দ্বিতীয় সন্তান অরিন্দম খালেদ বুলবুলের মৃত্যু হয় মাত্র চার বছর বয়সে। অপর দুই সন্তানের মধ্যে কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ কেউই দীর্ঘায়ু পাননি।
কাজী সব্যসাচীর মেয়ে খিলখিল কাজী, মিষ্টি কাজী ও বাবুল কাজী বাংলাদেশের নাগরিক। আর কাজী অনিরুদ্ধের পরিবারের বসবাস করে কলকাতায়। তার স্ত্রী কল্যাণী কাজী লেখক ও সংগীতশিল্পী।
তাদের তিন ছেলেমেয়ের মধ্যে কাজী অনির্বাণ, কাজী অরিন্দমের (সুবর্ণ) ঠিকানা কলকাতায়, আর অনিন্দিতা কাজী নিউ জার্সি প্রবাসী।




















