প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের

- সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
সড়কে গাছ ফেলে ২০–২৫ জনের ডাকাত দলের হামলা; স্বর্ণালংকার, নগদ টাকা ও এটিএম কার্ড ছিনতাই, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু শিশু
অসুস্থ অন্তঃসত্ত্বা স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়া হচ্ছিল অ্যাম্বুলেন্সে। পথ আটকে গাছ ফেলে দাঁড় করানো হয় গাড়িটি। এরপর অস্ত্রধারীরা অ্যাম্বুলেন্সে উঠে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটে নেয় নগদ টাকা ও স্বর্ণালংকার। একপর্যায়ে প্রসূতির পেটের কাছে ধারালো অস্ত্র ধরে ভয় দেখায় ডাকাতেরা। এই আতঙ্কের মধ্যেই অ্যাম্বুলেন্সে অপরিপক্ব সন্তান প্রসব করেন ওই নারী। তবে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় নবজাতক।
রোববার (২২ নভেম্বর) ভোরে ঝিনাইদহের কালীগঞ্জ-গান্না সড়কের বাঘমারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে প্রসূতির স্বামী চিকিৎসক আবদুল্লাহ আল নোমান কালীগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
প্রসূতি আফসারা তাসনীমের (৩০) বাড়ি চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিস পাড়ায়। তিনি চিকিৎসক আবদুল্লাহ আল নোমানের স্ত্রী এবং সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা থেকে যশোরে নেওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সে ছিলেন স্বামী, মা, শাশুড়ি, বড় ছেলে ও একজন নার্স।
রাস্তা আটকে অস্ত্রের মুখে জিম্মি
আবদুল্লাহ আল নোমান চুয়াডাঙ্গা ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা। তাঁর ভাষ্য, কালীগঞ্জ উপজেলার বাগমারা বাজার পেরিয়ে প্রায় ৩০০ গজ এগোতেই রাস্তার ওপর গাছ পড়ে থাকতে দেখেন তাঁরা। গাড়ির গতি কমানোর সঙ্গে সঙ্গে কয়েকজন অস্ত্রধারী অ্যাম্বুলেন্স ঘিরে ধরে।
নোমান বলেন, ডাকাতেরা প্রথমে তাঁর ছেলের গলায় ধারালো অস্ত্র ধরে। তাঁর মায়ের গলায়ও দা ঠেকানো হয়। এরপর অ্যাম্বুলেন্সে থাকা নারীদের কানের দুল ও গলার হার খুলে নেয়। তাঁর কাছ থেকে নগদ এক লাখ টাকা ও ব্যাংকের এটিএম কার্ড ছিনিয়ে নেয় ডাকাতেরা।
তিনি আরও বলেন, তাঁর স্ত্রীর পেটের কাছে ধারালো অস্ত্র ধরে ভয় দেখানো হয়। এতে আফসারা আতঙ্কিত হয়ে পড়েন। অ্যাম্বুলেন্সে থাকা নার্সকেও মারধর করে ডাকাতেরা।
আতঙ্কের মধ্যে প্রসব, প্রাণ গেল নবজাতকের
ডাকাতদের কবল থেকে মুক্ত হওয়ার পর যশোরের দিকে রওনা হন তাঁরা। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তাও নেন। কিন্তু ডাকাতির ঘটনায় ভীত হয়ে পড়া আফসারা পথেই অ্যাম্বুলেন্সের মধ্যে অপরিপক্ব সন্তান প্রসব করেন।
আবদুল্লাহ আল নোমান জানান, সাতমাইল এলাকায় পৌঁছালে নবজাতকটির মৃত্যু হয়। অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য নেওয়ার পথে এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়তে হবে, তা কল্পনাও করেননি তাঁরা।
৮–১০টি যানবাহনে ডাকাতির অভিযোগ
কালীগঞ্জ-গান্না সড়কের আমতলা বাজার এলাকার মারকাযুল উলুমুল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক তিতুমীর হোসেন বলেন, তিনি রাতে মাদ্রাসায় থাকেন। রোববার ভোরের দিকে ডাকাতির খবর পান। ডাকাতির শিকার অ্যাম্বুলেন্সের চালক গাড়ির চাবি খুঁজতে তাঁদের সহায়তা চেয়েছিলেন।
চালকের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে তিতুমীর হোসেন বলেন, ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে অন্তত ৮ থেকে ১০টি বিভিন্ন যানবাহনে ডাকাতি করেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী বলেন, আবদুল্লাহ আল নোমানের এজাহারের ভিত্তিতে দস্যুতার মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত পুরো ডাকাত দলকে আটক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


























