এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
প্রথম দফার হিসাব থেকে বাদ পড়েছে ১০ হাজার ২০৪ জন; নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ শিক্ষার্থী, ফেল থেকে পাস ৫ হাজার ৫৪৮ জন
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই পরিসংখ্যানে বড় ধরনের গরমিল ধরা পড়েছে। প্রথম দফায় ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তনের তথ্য প্রকাশ করা হলেও সংশোধিত হিসাবে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৪৫ জনে। অর্থাৎ, দুই হিসাবের মধ্যে ব্যবধান ১০ হাজার ২০৪ জন।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এর আগে বিকেল ৩টায় প্রথম দফায় পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম দফায় প্রকাশিত ফলাফলের সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট গ্রুপ এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়। পরে পরিসংখ্যানে অসংগতি ধরা পড়লে সন্ধ্যার আগেই মন্ত্রণালয়ের গ্রুপ থেকে তথ্য সরিয়ে নেওয়া হয়। নতুন করে হিসাব যাচাই শেষে রাতে সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করা হয়।
সংশোধিত হিসাবে ফল পরিবর্তন ২৩ হাজারের বেশি
নতুন পরিসংখ্যান অনুযায়ী, এবার এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী। এসব আবেদনের বিপরীতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়। এতে ২৩ হাজার ১৪৫ জনের ফল পরিবর্তন হয়েছে। আবেদনকারীদের হিসাবে ফল পরিবর্তনের হার ৭ দশমিক ৯৫ শতাংশ।
ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৫৪৮ জন ফেল থেকে পাস করেছেন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন।
বোর্ডভিত্তিক হিসাবে, সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ১৯ হাজার ৭১০ জনের। এদের মধ্যে ৩ হাজার ১৮২ জন ফেল থেকে পাস করেছেন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪১১ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ১ হাজার ১২৮ জনের। এ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৪২ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৭১ জন।
কারিগরি শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৩০৭ জনের। এর মধ্যে ২ হাজার ২২৪ জন ফেল থেকে পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন।
ঢাকা বোর্ডে ফল পরিবর্তন সবচেয়ে বেশি
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে ঢাকা বোর্ডে। এ বোর্ডে ৫ হাজার ৮৫৩ জনের ফল সংশোধন হয়েছে।
এরপর রয়েছে কুমিল্লা বোর্ডে ২ হাজার ৮১৩, ময়মনসিংহে ২ হাজার ৬৬৮, চট্টগ্রামে ২ হাজার ৪৩ এবং দিনাজপুরে ২ হাজার ৩৫ জন।
এ ছাড়া যশোর বোর্ডে ১ হাজার ৭৩৬, সিলেটে ১ হাজার ২৬৭, রাজশাহীতে ৭৭৫ এবং বরিশাল বোর্ডে ৫২০ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
ফেল থেকে পাসের সংখ্যায় সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ময়মনসিংহ বোর্ড। এ বোর্ডে নতুন করে পাস করেছেন ৬৫৪ জন। অন্যদিকে, পুনঃনিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় এগিয়ে ঢাকা বোর্ড। সেখানে ৪৬৫ জন শিক্ষার্থী নতুন করে সর্বোচ্চ জিপিএ অর্জন করেছেন।
প্রথম দফার ফল প্রকাশের পর কয়েক ঘণ্টার মধ্যে এত বড় সংশোধন শিক্ষা বোর্ডগুলোর ফল প্রস্তুত ও পরিসংখ্যান যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তবে প্রাথমিক হিসাবে কীভাবে ১০ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তনের তথ্য যুক্ত হয়েছিল, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।























