পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আইনজীবীদের আবেদন, স্বাক্ষর নিয়ে বিতর্ক

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দ্বিতীয় দফায় দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল; এবার যুক্ত করা হয়েছে শেখ হাসিনার স্বাক্ষরিত ওকালতনামা
বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া জানতে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবীরা। এবার তাঁর স্বাক্ষরযুক্ত ওকালতনামাসহ নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন পাঠানো হয়েছে। তবে ওকালতনামায় শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স বৃহস্পতিবার দ্বিতীয় দফায় হাইকমিশনে ই-মেইল পাঠায়। এতে বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডি পুনরায় পেতে কী ধরনের আইনি এবং প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তা জানতে চাওয়া হয়েছে।
এবারের ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ওকালতনামা সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে তাঁর পক্ষে আইনি বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুমোদনপত্র জমা দিয়েছে ম্যাট্রিক্স চেম্বার্স। এর আগে গত ৯ নভেম্বর প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছিল। তবে তখন শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত কোনো অনুমতিপত্র দেওয়া হয়নি।
ম্যাট্রিক্স চেম্বার্সের দাবি, গণমাধ্যমের খবরের মাধ্যমে তারা জানতে পেরেছে, আগের ই-মেইলটি হাইকমিশন গ্রহণ করেছে। কিন্তু ১০ দিন পার হলেও হাইকমিশনের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এ কারণে প্রয়োজনীয় তথ্য জানতে আবারও আবেদন পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে, ওকালতনামায় শেখ হাসিনার স্বাক্ষরের ধরন নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি সাধারণত ইংরেজিতে স্বাক্ষর করেন না—এমন দাবি করে কেউ কেউ নতুন করে জমা দেওয়া স্বাক্ষরের সত্যতা নিয়ে আলোচনা করছেন। তবে স্বাক্ষরটি আসল কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা যাচাইয়ের তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত চলে যান শেখ হাসিনা। এর দুই দিন পর তৎকালীন অন্তর্বর্তী সরকার তাঁর এবং পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের সিদ্ধান্ত নেয়।





















