নদী থেকে ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
যশোরের মনিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে রঞ্জন মন্ডল (৬০) নামে এক ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের হেলারঘাট ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রঞ্জন মন্ডল কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে।
নিহতের স্ত্রী বিউটি মন্ডল জানান, শুক্রবার বিকেলে রঞ্জন বাড়ি থেকে কাটাখালি বাজারের উদ্দেশে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে পুলিশের মাধ্যমে স্বামীর মরদেহ উদ্ধারের খবর পান তিনি।
বিউটি মন্ডল বলেন, তাঁদের দুই সন্তানের মধ্যে ছেলে বিদেশে থাকেন এবং মেয়ের বিয়ে হয়েছে। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই থাকতেন। তাঁদের কয়েকটি মাছের ঘের রয়েছে। এলাকাটি চরমপন্থী অধ্যুষিত হিসেবে পরিচিত হলেও ঘের নিয়ে তাঁর স্বামীর সঙ্গে কারও বিরোধ ছিল কি না, তা তিনি জানেন না।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, শনিবার সকালে রমেশ চন্দ্র নামে এক ব্যক্তি হেলারঘাট ব্রিজের পাশে নদীতে জাল তুলতে গিয়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও জানান, নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে অপহরণের পর মারধর ও শ্বাসরোধে হত্যা করে বস্তায় ভরে নদীতে ফেলে দেয়। তবে হত্যার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।























