ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের স্পনসর হলো ওয়ালটন

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
দেশের ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় এবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হয়েছে ওয়ালটন। ল্যাবএইডের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতা করছে দেশের শীর্ষ ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।
আগামী সোমবার (৯ নভেম্বর) রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘ল্যাবএইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’।
শনিবার (৭ নভেম্বর) টুর্নামেন্ট উপলক্ষে ডিআরইউ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস) রবিউল ইসলাম মিল্টন এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের চিফ বিজনেস অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট) মাসুদ আহমেদ।
অংশ নিচ্ছে ৪৮ গণমাধ্যমের দল
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আসরে মোট ৪৮টি গণমাধ্যমের দল অংশ নেবে। এর মধ্যে রয়েছে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন চ্যানেল এবং ৮টি অনলাইন সংবাদমাধ্যমের দল।
অংশগ্রহণকারী দলগুলোর জন্য জার্সি ও পানির ব্যবস্থা থাকবে। পাশাপাশি প্রতিটি ম্যাচে অংশ নেওয়া দলগুলোকে ম্যাচ ফি দেওয়া হবে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা। ফাইনালের সেরা খেলোয়াড়কে ক্রেস্টের পাশাপাশি তিন হাজার টাকা সম্মানী দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্যও থাকবে পুরস্কার।
সাংবাদিকদের বিনোদন ও সৌহার্দ্য বাড়াবে আয়োজন
ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন বলেন, দেশের খেলাধুলার বিকাশে ওয়ালটন দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে পৃষ্ঠপোষকতা করে আসছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে শুরু করে ঘরোয়া আয়োজন—খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও খেলাধুলার সুযোগ বাড়াতে প্রতিষ্ঠানটি কাজ করছে।
তিনি বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন ক্রীড়া ও অন্যান্য আয়োজনের সঙ্গেও ওয়ালটনের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। সাংবাদিকদের ব্যস্ত পেশাজীবনে এ ধরনের আয়োজন সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ায়। সেই ভাবনা থেকেই এবারও ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে তাঁরা আনন্দিত।
ডিআরইউ নেতারা সংগঠনের পাশে থাকায় ওয়ালটন ও ল্যাবএইডের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, খেলার নিয়মাবলি ও সূচি অংশগ্রহণকারী দলগুলোকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ক্রিকেট, ফুটবলসহ দেশের বিভিন্ন খেলায় নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের ক্রীড়া আয়োজনেও সহযোগিতা করছে প্রতিষ্ঠানটি। ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে এবারের পৃষ্ঠপোষকতা সেই ধারাবাহিকতারই অংশ।


























