ট্রাম্পকে হত্যার পরিকল্পনা! অস্ত্রসহ ভেনেজুয়েলার যুবক গ্রেপ্তার

- সংবাদ প্রকাশের সময় : ১১:০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নিয়ে ওয়াশিংটন ডিসিতে উপস্থিত হওয়ার অভিযোগে ২৬ বছর বয়সী এক ভেনেজুয়েলার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হোয়াইট হাউসের সামনে একটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এআর-১৫ রাইফেলসহ একাধিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিয়মিত টহলের সময় পুলিশের নজরে আসে ট্রাকটি। গাড়িটির অবস্থান ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এক কর্মকর্তা কাছে গিয়ে চালকের সঙ্গে কথা বলেন। ওই যুবক জানান, কেউ তাকে হত্যার চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি আগ্নেয়াস্ত্র সঙ্গে রেখেছেন।
একপর্যায়ে তিনি নিজেই পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন ট্রাকের ভেতরে থাকা একটি খয়েরি ব্যাগের দিকে। ব্যাগটি খুলে পুলিশ দেখতে পায়, এর মধ্যে রয়েছে একটি ম্যাক-১০ মেশিন পিস্তল, একটি গ্লক পিস্তল এবং একটি এআর-১৫ রাইফেল। এ ছাড়া ব্যাগে পাওয়া যায় বেশ কিছু গোলাবারুদ।
পরে পুলিশ জানতে পারে, ট্রাকটি দক্ষিণ ক্যারোলিনা থেকে চুরি করা হয়েছিল। অস্ত্র উদ্ধারের পরপরই ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে ওই যুবক দাবি করেন, নিজের মাথার ভেতর থেকে পাওয়া নির্দেশনা অনুসরণ করেই তিনি ওয়াশিংটন ডিসিতে এসেছেন। উদ্দেশ্য ছিল ট্রাম্পকে হত্যা করা। পুলিশের সঙ্গে কথোপকথনের সময় তিনি গুগল ট্রান্সলেটর ব্যবহার করে নিজের বক্তব্য জানান বলে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় যুবকের সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়েছে এবং তিনি এখনো হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।






















