ফি সর্বোচ্চ ২ হাজার ৪৩৫ টাকা
২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

- সংবাদ প্রকাশের সময় : ০২:৩২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণের সময়সূচি ও ফি নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। আর ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সুযোগ থাকবে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা আগামী ১৫ নভেম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে। এ ক্ষেত্রে ব্যাংকে ফি জমা দেওয়ার শেষ সময় ২৪ নভেম্বর।
অন্যদিকে, ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফিসহ পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর।
বিভাগভেদে পরীক্ষার ফি
ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের জন্য মোট ২ হাজার ৪৩৫ টাকা দিতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩১৫ টাকা।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বোর্ড ফি ১ হাজার ৯২০ টাকা এবং কেন্দ্র ফি (ব্যবহারিকসহ) ৫১৫ টাকা। অন্যদিকে, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য বোর্ড ফি ১ হাজার ৮৩০ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। তবে কোনো শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই ২৪ মাসের বেশি বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না।
অতিরিক্ত ফি আদায় করলে ব্যবস্থা
বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ফির বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বোর্ড।
এ ছাড়া নির্বাচনি বা টেস্ট পরীক্ষা গ্রহণ শেষে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
নিয়মিত পরীক্ষার্থীদের পাশাপাশি জিপিএ উন্নয়ন, মানোন্নয়ন ও অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের নিয়ম ও যোগ্যতা সম্পর্কেও বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।





















