নারী আসনে উপনির্বাচন:
ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি

- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের ঋণখেলাপ-সংক্রান্ত তথ্য চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ইসির চিঠিতে বলা হয়েছে, উপনির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের ঋণখেলাপ-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও যাচাই করতে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জাতীয় সংসদের সাধারণ আসনের নির্বাচনের মতো সংরক্ষিত নারী আসনের নির্বাচনেও ঋণখেলাপিরা যাতে অংশ নিতে না পারেন, তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট বিধান এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর জারি করা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
মনোনয়ন যাচাইয়ের আগেই দিতে হবে তথ্য
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের নাম, পিতা-মাতা বা স্বামীর নামসহ প্রয়োজনীয় তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করবে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।
চিঠিতে আরও বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত সময়সীমার আগেই প্রার্থীদের ঋণখেলাপ-সংক্রান্ত তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে সরবরাহ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে ইসি।
উল্লেখ্য, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আসনটি ছেড়ে দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর ছেড়ে দেওয়া আসনেই আগামী ১২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।























