জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

- সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের একাংশের বিক্ষোভের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাঁকে লক্ষ্য করে ‘ইউ আর টেররিস্ট’, ‘গো ব্যাক’সহ বিভিন্ন স্লোগান ও মন্তব্য করেন কয়েকজন প্রবাসী। পরিস্থিতির মধ্যে নিরাপত্তাকর্মীরা তাঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।
সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে তাঁকে ঘিরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ড. ইউনূসকে লক্ষ্য করে একদল মানুষ বিভিন্ন মন্তব্য করছেন। তাঁদের মুখে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ এবং ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’—এ ধরনের স্লোগান শোনা যায়।
ভিডিওতে দেখা যায়, পরিস্থিতির মধ্যে নিরাপত্তাকর্মীরা ড. ইউনূসকে দ্রুত সেখান থেকে নিয়ে যান। এ সময় তাঁর সঙ্গে থাকা লামিয়া মোর্শেদও দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান বলে জানিয়েছেন সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি।
তবে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয়, তাঁদের বক্তব্যের প্রেক্ষাপট এবং ঘটনার বিস্তারিত বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।






















