ইউপি নির্বাচন কবে, ভোটের সময় জানাবে ইসি সোমবার
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপে কখন ভোটগ্রহণ হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, সোমবার কমিশনের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ইউপি নির্বাচন শুরুর সময় এবং ধাপভিত্তিক ভোটগ্রহণের সময়সূচি নির্ধারণ করা হবে।
সরাসরি তফশিল দেবে না ইসি
ইউপি নির্বাচনের তফশিল প্রসঙ্গে নির্বাচন কমিশনার জানান, কমিশন সরাসরি তফশিল ঘোষণা করবে না। জেলা নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকার তফশিল ঘোষণা করবেন।
তবে নির্বাচন কমিশন প্রতিটি ধাপের জন্য নির্দিষ্ট সময় বা ‘স্লট’ ঠিক করে দেবে। কোন সময়ে কোন ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই সময়সীমা কমিশনই নির্ধারণ করবে।
সানাউল্লাহ বলেন, শুরুতে ইউপি নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার কথা জানিয়েছিল কমিশন। আশা করা হচ্ছে, সেই সময়সীমার মধ্যেই ধাপে ধাপে সব ইউপি নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।
ইইউর সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা
এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়েও কথা বলেন নির্বাচন কমিশনার।
তিনি জানান, বৈঠকে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বহুমাত্রিক আলোচনা হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশনের পরিচালিত পোস্টাল ব্যালট কার্যক্রমও ছিল।
এ ছাড়া ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন এর আগে বিভিন্ন অংশীজনের জন্য যেসব সুপারিশ দিয়েছিল, সেগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়।
সানাউল্লাহ বলেন, এসব সুপারিশ বাস্তবায়নে নির্বাচন কমিশনকে কীভাবে আরও সহযোগিতা করা যায়, সে বিষয়ে ইইউ আগ্রহ প্রকাশ করেছে।
ইইউ সহযোগিতার পরিধি বাড়িয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করতে চাইলে কমিশন তা স্বাগত জানাবে বলেও জানান তিনি।






















