শৃঙ্খলাভঙ্গে শাস্তির মুখে বাংলাদেশের তিন ক্রিকেটার
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
এশিয়ান গেমসে ক্রিকেটে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর এবার শৃঙ্খলাভঙ্গের ঘটনায় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়াই এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করায় সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনকে আর্থিক জরিমানা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, শৃঙ্খলাভঙ্গের দায়ে তিন ক্রিকেটারকে ১ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট ক্রিকেটারদের জানানো হয়েছে।
জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালের ম্যাচ পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে ওঠে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
এরপর সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও বড় ব্যবধানে হারে বাংলাদেশ। শ্রীলঙ্কার তুলনামূলক দ্বিতীয় সারির দলের বিপক্ষে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানে পরাজিত হয় টাইগাররা। ফলে পদক ছাড়াই এশিয়ান গেমসের ক্রিকেট অভিযান শেষ হয় বাংলাদেশের।
সেই হতাশার মধ্যেই সামনে আসে তিন ক্রিকেটারের অনুমতি ছাড়া ভ্রমণের বিষয়টি। সাইফ হাসান, তাওহীদ হৃদয়ের সঙ্গে রিশাদ হোসেনও টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে এক শহর থেকে অন্য শহরে গিয়েছিলেন বলে অভিযোগ।
বিসিবির কাছে ঘটনাটি শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তিন ক্রিকেটারের বিরুদ্ধে আর্থিক শাস্তির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
























