একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় সমন্বিতভাবে ফল প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একই সঙ্গে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত সময়ের এক দিন পর আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে লগইন করে ফলাফল দেখতে পারবেন। আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে।
নিশ্চায়নের শেষ সময় ১৮ সেপ্টেম্বর
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর প্রাথমিক নির্বাচন ও আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
ভর্তি কার্যক্রমের পরবর্তী সময়সূচি অনুযায়ী—
প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ: ১৯ সেপ্টেম্বর রাত ৮টা
চূড়ান্ত ভর্তি: ২০ থেকে ২২ সেপ্টেম্বর
একাদশ শ্রেণির ক্লাস শুরু: ২৪ সেপ্টেম্বর
ফাতেহা-ই-ইয়াজদাহমে পিছিয়ে গেল ক্লাস
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ক্লাস শুরুর তারিখ পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নীতিমালার ৬.০ ধারা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন সারা দেশে সরকারি ছুটি থাকায় ক্লাস শুরুর নতুন তারিখ ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন
গত ২ সেপ্টেম্বর শুরু হওয়া অনলাইন আবেদন প্রক্রিয়ায় এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হচ্ছে। এ জন্য কোনো পৃথক ভর্তি পরীক্ষা নেওয়া হয়নি।
আবেদনকারীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখার সুযোগ পেয়েছেন।
বোর্ড ফি ৩৪০ টাকা
চূড়ান্ত ভর্তি নিশ্চায়নের সময় শিক্ষার্থীদের বোর্ড ফি বাবদ মোট ৩৪০ টাকা দিতে হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন, ক্রীড়া, রেড ক্রিসেন্ট ও কল্যাণ তহবিলের অর্থ অন্তর্ভুক্ত রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বোর্ডের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান ছাড়পত্র (টিসি) দিতে বা অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।
অনুমোদিত শাখার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো হলে সংশ্লিষ্ট কলেজের স্বীকৃতি ও এমপিওভুক্তি বাতিলের ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।






















