অবসরের এক মাস পরই কামব্যাক! ফের আর্জেন্টিনার জার্সিতে মেসি, কবে-কোথায়?

- সংবাদ প্রকাশের সময় : ১১:১৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে।
গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে কোটি সমর্থককে আবেগাপ্লুত করেন মেসি। বিশ্বকাপের ফাইনালে হারের যন্ত্রণা, এরপর বাবার মৃত্যু—সব মিলিয়ে কঠিন সময়ের মধ্যেই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
তবে মেসিকে ঘরের মাঠে আনুষ্ঠানিক বিদায় দিতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই পরিকল্পনা থেকেই আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করা হচ্ছে। ম্যাচটির আর্জেন্টিনা দলে মেসিকে রাখার পরিকল্পনা রয়েছে। ফলে সেটিই হতে পারে জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ।
বিশ্বজয়ী সতীর্থরাও থাকছেন
মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছে এএফএ। মেসিকে ঘিরে আরও কিছু আয়োজনের পরিকল্পনা থাকলেও সেগুলো এখনই প্রকাশ করা হয়নি বলে জানা গেছে।
বিশ্বকাপের পর ঘরের মাঠে মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর প্রথমটি ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে।
তবে সেই ম্যাচে মেসিকে না খেলানোর পেছনে রয়েছে অন্য কারণও। বিশ্বকাপে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় শাস্তি হিসেবে ওই ম্যাচে স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে ফিফা। ফলে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে মেসিকে বিদায় জানাতে চাইলেও বড় একটি অংশের দর্শকের সেই সুযোগ থাকছে না।
আর্জেন্টিনার জার্সিতে মেসির অধ্যায়
২০০৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় মেসির। এরপর দেশের হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল।
আর্জেন্টিনার হয়ে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জিতেছেন তিনি। এবার ৬ অক্টোবরের ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে তার দীর্ঘ ও বর্ণিল অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে যাচ্ছে।





















