এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল নির্বাচন কমিশন

- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ নির্বাচন কমিশনের (ইসি) বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন ফি-সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার (৩০ জুলাই) মাঠপর্যায়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
নতুন ফি অনুযায়ী, এনআইডির দৃশ্যমান তথ্য (যেমন নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা, জন্মতারিখ ইত্যাদি) সংশোধনের জন্য প্রথমবার আবেদন করলে ভ্যাটসহ ২৩০ টাকা, দ্বিতীয়বার ৩৪৫ টাকা এবং পরবর্তী প্রতিবার ৪৬০ টাকা পরিশোধ করতে হবে।
এনআইডির তথ্য-উপাত্ত সংশোধনের ক্ষেত্রে প্রথম আবেদনে ভ্যাটসহ ১১৫ টাকা, দ্বিতীয়বার ২৩০ টাকা এবং পরবর্তী প্রতিবার ৩৪৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
হারিয়ে যাওয়া এনআইডি কার্ড পুনরায় উত্তোলনের জন্য সাধারণ আবেদনে প্রথমবার ১০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী প্রতিবার ৫০০ টাকা দিতে হবে। জরুরি সেবার ক্ষেত্রে প্রথমবার ৩০০ টাকা, দ্বিতীয়বার ৫০০ টাকা এবং পরবর্তী প্রতিবার ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এসব ফি-এর সঙ্গে অতিরিক্ত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) যুক্ত হবে।
এছাড়া রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নির্বাচনী দলিল-দস্তাবেজ পরিদর্শন ও কপি সংগ্রহের জন্য ১০০ টাকা, ভোটার তালিকার সত্যায়িত (সার্টিফায়েড) কপি পেতে ১০০ টাকা এবং ভোটার তালিকা পরিদর্শনের জন্য ৫০ টাকা ফি দিতে হবে। ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সংগ্রহ করতে ইউনিয়ন, সিটি করপোরেশন বা পৌরসভার প্রতিটি ওয়ার্ডের জন্য ৫০০ টাকা পরিশোধ করতে হবে।
জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই ও সরবরাহ সেবার ক্ষেত্রেও নতুন ফি নির্ধারণ করা হয়েছে। সরকারি সংস্থা ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের জন্য এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা এবং বার্ষিক সাব-ইউজার বা নবায়ন ফি ১ লাখ টাকা। প্রতিটি তথ্য যাচাইয়ের জন্য সরকারি প্রতিষ্ঠানকে ২ টাকা করে দিতে হবে।
অন্যদিকে বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের জন্য এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা রাখা হয়েছে। প্রথম ৭০ জন সাব-ইউজারের জন্য প্রতিজনের ফি ৪ হাজার টাকা এবং পরবর্তী প্রতিটি সাব-ইউজারের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিবার তথ্য যাচাইয়ের জন্য বেসরকারি প্রতিষ্ঠানকে ৫ টাকা করে পরিশোধ করতে হবে।




















