নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে আনা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
দলটির ভাষ্য অনুযায়ী, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনাগুলোর বিষয়ে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তার নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর দলীয়ভাবে তদন্ত শুরু করে জামায়াতে ইসলামী। তদন্ত শেষে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।




















