৪০ জেলায় তাপপ্রবাহ, স্বস্তির বৃষ্টি কবে?
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
জ্যৈষ্ঠের তীব্র গরমে হাঁসফাঁস করছে দেশ। রাজধানী ঢাকাসহ দেশের ৪০টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার (১ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা ছাড়া দেশের অধিকাংশ এলাকাই ছিল প্রায় বৃষ্টিশূন্য। সবচেয়ে বেশি ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লা ও রাঙামাটিতে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (২ জুন) দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
তবে দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ফলে গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত কম হওয়ায় তাপমাত্রা বেড়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে আরও দুই থেকে তিন দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এদিকে ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার দুপুরের মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
গরম ও তাপপ্রবাহের এই সময়ে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং শিশু, বয়স্ক ও অসুস্থদের বিষয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।





















