রফিকুল ইসলাম খান
তিন মাসেই সরকারের ব্যর্থতা প্রকাশ পেয়েছে
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি অভিযোগ করেন, দলীয়করণ, দুর্নীতি ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
শুক্রবার (২২ মে) রাজশাহী নগরীর একটি কনফারেন্স হলে রাজশাহী মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সাবেক ছাত্রশিবির নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এবং জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্তজা।
রফিকুল ইসলাম খান আরও বলেন, দেশে খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের বিচার নিশ্চিতে সরকার ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ভারত প্রণীত কিছু আইন বাংলাদেশে বাস্তবায়নের চেষ্টা চলছে।
তিনি বলেন, আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে কাজ করলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে। কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে জ্ঞান, ধৈর্য ও পরিকল্পিত কর্মপদ্ধতির গুরুত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান এবং ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি। তারা বলেন, তৃণমূল পর্যায়ের নেতাদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বাড়াতে শিক্ষা শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর মো. আব্দুল খালেক, মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ডা. মো. জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার এবং ব্যবসা ও কল্যাণ সম্পাদক অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স।





















