৬০০ শয্যায় উন্নীত হচ্ছে জয়পুরহাট জেনারেল হাসপাতাল
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
জয়পুরহাট জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৬০০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদনে সম্মতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এতে জয়পুরহাটসহ আশপাশের জেলার লাখো মানুষের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সম্মতি জানানো হয়। চিঠিতে হাসপাতালটির শয্যা সংখ্যা ৬০০-তে উন্নীত করে বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে মন্ত্রী পর্যায়েও অনুমোদিত হয়েছে বলে জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, জয়পুরহাট জেনারেল হাসপাতালের ওপর শুধু জয়পুরহাট নয়, নওগাঁ ও বগুড়ার কিছু এলাকার মানুষও নির্ভরশীল। বর্তমানে বিদ্যমান জনবল দিয়েই আপাতত বর্ধিত শয্যার সেবা দেওয়া সম্ভব হলেও ভবিষ্যতে মানসম্মত সেবা নিশ্চিত করতে নতুন পদ সৃষ্টি করতে হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর চাপ অত্যধিক হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে হাসপাতালটির বেড অকুপেন্সি রেট ছিল ২৭০ দশমিক ৫৫ শতাংশ, যা স্বাভাবিক ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি।
কর্তৃপক্ষ বলছে, অর্থ বিভাগের সম্মতি পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে শয্যা বৃদ্ধি কার্যকর করা হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, শয্যা বৃদ্ধি হলে অঞ্চলের মানুষ আরও উন্নত ও সহজ চিকিৎসাসেবা পাবেন এবং চাপ অনেকটাই কমে আসবে।





















