সুদমুক্ত মোটরসাইকেল ঋণের দাবি পুলিশ সদস্যদের
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
পুলিশ সদস্যরা নির্ধারিত ডিউটির বাইরে দীর্ঘ সময় অতিরিক্ত দায়িত্ব পালন করলেও এর জন্য কোনো আর্থিক সুবিধা পান না বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় ওভারটাইমের ৫০ শতাংশ ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি সুদমুক্ত মোটরসাইকেল ঋণসহ বিভিন্ন সুবিধা বৃদ্ধির প্রস্তাবও এসেছে।
রোববার (১০ মে) পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পুলিশ কল্যাণ সভায় এসব দাবি তুলে ধরেন মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা।
সভায় চট্টগ্রামের শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, পুলিশ সদস্যরা নিয়মিত সময়ের বাইরে অতিরিক্ত দায়িত্ব পালন করলেও তার কোনো আর্থিক স্বীকৃতি নেই। তাই ওভারটাইমের বিপরীতে ৫০ শতাংশ ভাতা দেওয়ার দাবি জানান তিনি।
একই সভায় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার এসআই ও এএসআই পর্যায়ের কর্মকর্তাদের জন্য সুদমুক্ত মোটরসাইকেল ঋণের প্রস্তাব দেন। তিনি জানান, মাঠপর্যায়ের তদন্ত কাজে দ্রুত চলাচলের জন্য ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহার করতে হয়, কিন্তু সরকারি মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলকভাবে কম।
তিনি আরও বলেন, এসআই ও এএসআই পদে প্রায় ৪৪ হাজার কর্মকর্তা থাকলেও সরকারি মোটরসাইকেল রয়েছে মাত্র ৭ হাজারের কিছু বেশি, যা প্রয়োজনের তুলনায় অনেক কম।
এ ছাড়া মামলার তদন্ত ব্যয় বৃদ্ধি, জ্বালানি বরাদ্দ এবং ব্যারাক ও আবাসন ব্যবস্থার উন্নয়নের দাবিও তুলে ধরেন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।
সিটি এসবি’র ডিআইজি আশরাফ রাজারবাগ পুলিশ লাইন্সের ব্যারাকগুলোর সংস্কার ও নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি ও প্রস্তাবগুলো নোট করেন এবং ধাপে ধাপে বিবেচনার আশ্বাস দেন বলে জানা গেছে।





















